চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলার গ্রেপ্তার আসামির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে নিহত মিমের দুই শিশু সন্তান, পরিবারের সদস্য, স্বজন এবং বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন নিহতের বাবা মো. কবির হোসেন, চাচাতো ভাই মো. গোলাম কিবরিয়া, দাদা শ্বশুর মো. আব্দুল হক, স্থানীয় বাসিন্দা মো. ফরহাদ ও মো. জাকির হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। তাদের অভিযোগ, ঘটনার রাতে কয়েকজনকে এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, গ্রেপ্তার আসামির জামিনের জন্য একটি পক্ষ চেষ্টা করছে। তারা প্রশাসনের কাছে মামলার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৪ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার বাত্তলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মিম নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নিহতের দেবরবধূ কাজী সুমাইয়া হোসেন মিনাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত এখনও চলছে।