চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও Excellence Bangladesh-এর যৌথ উদ্যোগে আগামী ২০ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর ও কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে এ আয়োজন। এতে ৮ হাজারের বেশি শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও তরুণ পেশাজীবীর অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।

শনিবার (১৮ জুলাই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে জব ফেয়ারের বিস্তারিত তুলে ধরে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শিক্ষা ও কর্মক্ষেত্রের মধ্যে বিদ্যমান ব্যবধান কমিয়ে দেশের শীর্ষস্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সংযুক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব জানান, এবারের জব ফেয়ারে PRAN-RFL Group, IFAD Group, Meghna Group of Industries, City Bank, Pubali Bank, SGS Bangladesh, Ispahani Bangladesh, Ibn Sina এবং Kenpark-সহ দেশের স্বনামধন্য শিল্প, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, শিক্ষা ও সেবাখাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেবে। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, অংশগ্রহণকারীরা সিভি সংগ্রহ, অন-দ্য-স্পট সিভি স্ক্রিনিং, স্পট ইন্টারভিউ, ক্যারিয়ার কনসালটেশন, কর্পোরেট নেটওয়ার্কিং এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন। পাশাপাশি ফুল-টাইম, পার্ট-টাইম ও ইন্টার্নশিপের বিভিন্ন সুযোগ সম্পর্কে জানতে এবং আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগনীতি ও মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এ জব ফেয়ারে অংশগ্রহণ করবেন।

একই দিনে বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে ‘Career Summit 2026’। এতে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব, মানবসম্পদ বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও ক্যারিয়ার মেন্টররা ক্যারিয়ার পরিকল্পনা, নেতৃত্ব, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা করবেন।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ থেকে চতুর্থ বর্ষ ও মাস্টার্স পর্যায়ের পাঁচজন করে শিক্ষার্থী নির্ধারিত প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে ক্যারিয়ার সামিটে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

‘চাকসু প্রেজেন্টস চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬’-এর আহ্বায়ক সোহানুর রহমান বলেন, “চট্টগ্রাম জব ফেয়ার ২০২৬ শুধু একটি চাকরি মেলা নয়, বরং শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট খাতের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ আয়োজন তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে কার্যকর ভূমিকা রাখবে।”

তিনি আরও জানান, বিপুলসংখ্যক অংশগ্রহণকারীর উপস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, স্বেচ্ছাসেবক টিম, দিকনির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে।