ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো টুর্নামেন্ট শুরুর আগেই ঘোষণা দিয়েছিলেন, ৯৬ বছরের ইতিহাসে এবারের বিশ্বকাপই হবে সবচেয়ে বড় আসর। অংশগ্রহণকারী দল ও ম্যাচের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আয়োজনে যুক্ত হয়েছে নতুন মাত্রা। সেই ধারাবাহিকতায় এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য ঘোষণা করা হয়েছে ইতিহাসের সর্বোচ্চ প্রাইজমানি।
রোববার (১৯ জুলাই) অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।
ফিফার ঘোষিত প্রাইজমানি অনুযায়ী, বিশ্বচ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৬ কোটি টাকা। অন্যদিকে রানার্সআপ দল পাবে ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৪০৬ কোটি টাকা।
এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স ও ইংল্যান্ড। এই ম্যাচের বিজয়ী দল পাবে ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা), আর চতুর্থ হওয়া দল পাবে ২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (প্রায় ৩৩৩ কোটি টাকা)।
এক নজরে প্রাইজমানি:
চ্যাম্পিয়ন: ৫ কোটি ডলার (প্রায় ৬১৬ কোটি টাকা)
রানার্সআপ: ৩ কোটি ৩০ লাখ ডলার (প্রায় ৪০৬ কোটি টাকা)
তৃতীয় স্থান: ২ কোটি ৯০ লাখ ডলার (প্রায় ৩৫৭ কোটি টাকা)
চতুর্থ স্থান: ২ কোটি ৭০ লাখ ডলার (প্রায় ৩৩৩ কোটি টাকা)
এবারের বিশ্বকাপের প্রাইজমানি ফুটবল ইতিহাসে সর্বোচ্চ, যা টুর্নামেন্টের বর্ধিত পরিসর ও ফিফার আয় বৃদ্ধির প্রতিফলন।
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ