চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় ১৯ জুলাই রাতে এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল করিম প্রকাশ শাওন (৩০)-কে গ্রেপ্তার করেন। তিনি শাহরাস্তি উপজেলার বেট্টলা (তমিজ উদ্দিন হাজী বাড়ী) এলাকার বাসিন্দা। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
অপরদিকে, ২০ জুলাই ভোরে ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শরীফুল ইসলাম ও এএসআই (নিঃ) এরশাদ মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শাহরাস্তি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহের এলাকার তালতলা মোড়ে লামিয়া স্টোরের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় মো. রাসেল (২৬) ও মো. জসিম উদ্দিন (৩২)-কে তাদের হেফাজত থেকে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত তিন আসামিকেই প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ