গণপূর্ত অধিদপ্তরের প্রায় ১ হাজার ৫০০ কার্যভিত্তিক কর্মচারীকে দ্রুত নিয়মিতকরণ, পেনশনের আওতায় অন্তর্ভুক্ত করা এবং স্থায়ী সেটআপ বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন। একই সঙ্গে আগামী ২ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ৩ আগস্ট পূর্ত ভবন চত্বরে অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর গণপূর্ত অধিদপ্তরে ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক বদরুল আলম সবুজ।
তিনি বলেন, গণপূর্ত অধিদপ্তরের ৬০২ জন এবং ৮৯৩ জন কার্যভিত্তিক কর্মচারীকে অস্থায়ী থেকে নিয়মিত পদে রূপান্তরের দুটি প্রস্তাব বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। হাইকোর্টের রায় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ইতিবাচক মতামত থাকা সত্ত্বেও বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে।
বদরুল আলম সবুজের দাবি, দীর্ঘসূত্রতার কারণে অনেক কর্মচারী চাকরিরত অবস্থায় মারা গেছেন এবং অনেকে অবসরে গেছেন। নিয়মিতকরণ না হওয়ায় তারা পেনশন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যার ফলে তাদের পরিবারগুলো চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণপূর্ত অধিদপ্তরে ড্রাইভার, মালি, কার্যসহকারী, প্লাম্বার, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, পাম্পচালক, লিফটম্যান, গার্ড, সুইপার ও ঝাড়ুদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন ধরে কর্মচারীরা কাজ করলেও স্থায়ী সেটআপ না থাকায় নানা প্রশাসনিক জটিলতা সৃষ্টি হচ্ছে।
ইউনিয়নের নেতারা বলেন, প্রায় দুই শতাব্দী পুরোনো এই প্রতিষ্ঠানে এখনও পূর্ণাঙ্গ স্থায়ী সেটআপ বাস্তবায়িত হয়নি। এতে কর্মচারীরা যেমন ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি দক্ষ জনবল ব্যবস্থাপনাও বাধাগ্রস্ত হচ্ছে।
তারা দৈনিকভিত্তিক ও ভাউচারভিত্তিক কর্মচারীদের নিয়মিত পদে অন্তর্ভুক্ত করা, পদোন্নতির সুযোগ সৃষ্টি, আউটসোর্সিং নিয়োগ নীতিমালা প্রণয়ন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের পরিবর্তে সরাসরি গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।
এ ছাড়া ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, বার্ষিক পোশাক প্রদান, কর্মচারীদের আবাসন সমস্যার সমাধান এবং গণপূর্তের আবাসিক এলাকাগুলোর সংস্কার ও পরিবেশ উন্নয়নের দাবিও তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় কর্মচারীদের দাবির পক্ষে মত দিলেও অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ শাখা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তরের কিছু প্রশাসনিক জটিলতার কারণে বিষয়টি বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে।
সংগঠনের নেতারা বলেন, আগামী ২ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়নের দৃশ্যমান উদ্যোগ না নেওয়া হলে ৩ আগস্ট সকাল ১১টায় পূর্ত ভবন চত্বরে এক ঘণ্টার অবস্থান ধর্মঘট পালন করা হবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিনসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এম/আর
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ