চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. তৌহিদুল ইসলাম।
সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের একাডেমিক সহযোগিতা, উচ্চশিক্ষা, যৌথ গবেষণা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আলোচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্বের বিভিন্ন শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি চালু, যৌথ গবেষণা প্রকল্প পরিচালনা এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান রাষ্ট্রদূতকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত ড. মো. তৌহিদুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ ও সুনামের প্রশংসা করেন। একই সঙ্গে শিক্ষা ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ