চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বর্ষাকালীন ছুটি ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ বিরতির সুযোগ পাচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ৫ দিনের বর্ষাকালীন ছুটি থাকবে।
এছাড়া ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ (শুক্রবার ও শনিবার) যুক্ত হওয়ায় মোট ৯ দিনের টানা ছুটি পাচ্ছেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা। আগামী ৩ আগস্ট থেকে যথারীতি ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যে ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। বিশেষ করে প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের মধ্যে বাড়ি ফেরার আগ্রহ বেশি দেখা গেছে। অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজ নিজ জেলায় রওনা দিচ্ছেন।
তবে সব শিক্ষার্থীর পক্ষে ছুটিতে বাড়ি যাওয়া সম্ভব হচ্ছে না। ইয়ার ফাইনাল পরীক্ষা, টিউশনি এবং অন্যান্য ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাস কিংবা চট্টগ্রাম শহরেই অবস্থান করতে হচ্ছে।
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ