চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই ২০২৬) ফটিকখিরা এস.এ. বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, যৌতুকের কুফল এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
ইউএনও মনিরা খাতুন বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি একটি মেয়ের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ