জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
বুধবার (২২ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’, ‘জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’, ‘শিক্ষা আর সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘জুলাই নিয়ে টালবাহানা চলবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন, সাংস্কৃতিক সম্পাদক ওয়ায়েস কুরুনীসহ সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী।
সমাবেশে সভাপতির বক্তব্যে ইউসুফ আলী বলেন, জুলাই আন্দোলনের উদ্দেশ্য ছিল একটি ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তন করা। তবে তার দাবি, সেই ব্যবস্থার পরিবর্তে নতুন করে একই ধরনের শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়ন করেনি এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। তার ভাষায়, এসব পদক্ষেপ জনগণের প্রত্যাশার পরিপন্থী।
আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় চালুর অভিযোগ তুলে ইউসুফ আলী বলেন, গণহত্যার অভিযোগে অভিযুক্ত দলটির সঙ্গে কোনো ধরনের সমঝোতা জনগণ মেনে নেবে না। একই সঙ্গে তিনি জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:১৬ অপরাহ্ণ