চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মো. মমিনুল হক ২২ থেকে ২৬ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিনের বিস্তৃত কর্মসূচি ঘোষণা করেছেন। এ সময়ে তিনি রাজনৈতিক সংগঠনকে আরও শক্তিশালী করতে দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক সাংগঠনিক সভা, মতবিনিময় ও কমিটি গঠন-পুনর্গঠন কার্যক্রমে অংশ নেবেন। পাশাপাশি প্রশাসনিক সভা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন।

প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, ২২ জুলাই হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির সুপার-৫ সদস্যদের সঙ্গে সাংগঠনিক সভার মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন তিনি।

২৩ জুলাই শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নেওয়ার পাশাপাশি শাহরাস্তি উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। একই দিনে হাজীগঞ্জ উপজেলার উচ্চ বিদ্যালয়, দাখিল ও আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।

২৪ জুলাই হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার কলেজ, ফাজিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করবেন। এছাড়া শাহরাস্তি উপজেলা ছাত্রদল, পৌরসভার সিনিয়র ছাত্রনেতা এবং কৃষকদলের নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।

২৫ জুলাই শাহরাস্তি উপজেলা শ্রমিকদল, মৎস্যজীবী দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন ইউনিটের কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রমে অংশ নেবেন। একই দিনে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদল, কৃষকদল এবং পৌরসভার সিনিয়র ছাত্রনেতাদের সঙ্গেও মতবিনিময় করবেন।

২৬ জুলাই হাজীগঞ্জ উপজেলা শ্রমিকদল, মৎস্যজীবী দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভার মধ্য দিয়ে পাঁচ দিনের কর্মসূচি শেষ হবে।

এই কর্মসূচিতে রাজনৈতিক সংগঠনকে সুসংগঠিত করা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএ) মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত এক কর্মসূচিতে এসব তথ্য জানানো হয়েছে।