চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান মামুন আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন বহুল প্রতীক্ষিত ‘১০০ দিনে ১০০০ কিমি রানিং চ্যালেঞ্জ’। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত টানা ১০০ দিন প্রতিদিন দৌড়ে মোট এক হাজার কিলোমিটার অতিক্রমের লক্ষ্য নিয়ে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।
বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্যবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হাবিবুর রহমান জালাল, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আব্দুল মুত্তালেব মুবিন চৌধুরী, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাইদ বিন হাবিব, চবি সাংবাদিক সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, চাকসুর ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, শহীদ আব্দুর রব হলের ভিপি হাফেজ বুরহান উদ্দীন, জিএস মনির হোসেন, ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মুশফিকুর রহমান মামুনের এ উদ্যোগ তরুণদের নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যসচেতনতা ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে উৎসাহিত করবে। তারা এটিকে সুস্থ সমাজ গঠনে একটি ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
মুশফিকুর রহমান মামুন বলেন, “এই চ্যালেঞ্জের মূল উদ্দেশ্য সুস্থ জীবনধারা গড়ে তোলা, নিয়মিত শরীরচর্চাকে জনপ্রিয় করা এবং তরুণ সমাজকে দৌড় ও ফিটনেসের প্রতি উদ্বুদ্ধ করা। আগামী ১০০ দিন প্রতিদিন নির্ধারিত দূরত্ব অতিক্রমের মাধ্যমে আমি শুধু ব্যক্তিগত লক্ষ্য অর্জনই নয়, বরং দেশব্যাপী স্বাস্থ্যসচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই।”
তিনি আরও জানান, এ উদ্যোগের মাধ্যমে তরুণদের নিয়মিত ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনধারার প্রতি আগ্রহী করে তোলাই তার প্রধান লক্ষ্য।
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ