চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির আর্থিক অবস্থায় বড় ধরনের অবনতি হয়েছে। এ সময়ে ব্যাংকটির নিট লোকসান দাঁড়িয়েছে প্রায় ৬৪১ কোটি টাকা, যেখানে আগের বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি মুনাফা করেছিল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত ব্যাংকটির ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রতিবেদনটি অনুমোদন করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৩ টাকা ১৩ পয়সা। এ সময়ে মোট নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪০ কোটি ৫৭ লাখ টাকা। অথচ ২০২৫ সালের একই সময়ে ব্যাংকটি ৯ কোটি ৯৪ লাখ টাকা নিট মুনাফা করেছিল। সে সময় শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ২০ পয়সা।

এদিকে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১ পয়সা। এ সময়ে নিট লোকসানের পরিমাণ ছিল ২৪৪ কোটি ২৪ লাখ টাকা। গত বছরের একই প্রান্তিকে ব্যাংকটি ৩ কোটি ৩৬ লাখ টাকা মুনাফা করেছিল, যা শেয়ারপ্রতি ৭ পয়সা মুনাফার সমান।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৪৩ পয়সা।