জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্রের উন্নয়ন, জনবল সংকট নিরসন এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে পাঁচ দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে চিকিৎসা কেন্দ্রের ওষুধের মজুদে গরমিল সংক্রান্ত তদন্ত চলাকালে প্রধান মেডিক্যাল অফিসার (সিএমও) ডা. মো. শামছুর রহমানকে দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসা কেন্দ্রের ওষুধের মজুদে গরমিলের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা প্রধান মেডিক্যাল অফিসারকে অবরুদ্ধ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের উপস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কয়েকটি দাবি উত্থাপন করলে তার পরিপ্রেক্ষিতে প্রশাসন এসব সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, চিকিৎসা কেন্দ্রের শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসক, ডিপ্লোমা নার্স, ওয়ার্ড বয় এবং আয়া/ক্লিনারসহ প্রয়োজনীয় নতুন পদের চাহিদা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।

এছাড়া চিকিৎসা কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন তহবিল থেকে বাকি উন্নয়নকাজ সম্পন্ন করা হবে। ওষুধের মজুদে গরমিলের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান মেডিক্যাল অফিসার ডা. মো. শামছুর রহমানকে দায়িত্ব থেকে বিরত রাখা হবে। এ সময় উপ-প্রধান মেডিক্যাল অফিসার ডা. মো. শামছুল আলম খান ভারপ্রাপ্ত প্রধান মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে চিকিৎসা কেন্দ্রে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন দুটি অ্যাম্বুলেন্স সরবরাহের জন্য দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।