বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও মো. সারোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনায় গভর্নর বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নের লক্ষ্যে চীনের প্রতি বাংলাদেশি পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি Bangla QR বাস্তবায়নে চীনের Single QR ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা কামনা করেন।

এ সময় চীনের রাষ্ট্রদূত বিদেশি বিনিয়োগ আরও সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বিনিয়োগবান্ধব একাধিক নীতিগত উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজেই তাদের বিনিয়োগকৃত অর্থ ও মুনাফা নিজ দেশে প্রত্যাবাসন করতে পারবেন।

তিনি বাংলাদেশের প্রযুক্তিনির্ভর ও শিল্প খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বানও জানান।

বৈঠকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কাউন্সেলর সং ইয়াং (Song Yang) এবং অ্যাটাশে ওয়েন জিনহুয়া (Wen Jinhua) উপস্থিত ছিলেন।

এসইউ/বি