বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন স্পিকার।
সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আর সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে।
সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী মনোনয়ন দেবে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
এর আগে শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরের পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে থাইল্যান্ড থেকে দেশে ফেরেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার সাংবিধানিক মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত ছিল।
আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতি নির্বাচিত হলেও ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার কাছেই অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠিত হয়।
প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ