শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন নিশ্চিতকরণ এবং শিক্ষক-অভিভাবক-ম্যানেজিং কমিটির সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার শিক্ষক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে শাহরাস্তি উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো মানসম্মত শিক্ষা। শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, দেশপ্রেম ও আধুনিক জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”

তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এমপি আরও বলেন, “কোনো শিক্ষক যেন দলীয় প্রভাব বা রাজনৈতিক বিবেচনায় কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন। ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক কোনো সমস্যা দেখা দিলে প্রথমে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করুন। প্রয়োজন হলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। কিন্তু কোনো অবস্থাতেই দলীয় প্রভাবে অন্যায় সিদ্ধান্ত বা কর্মকাণ্ড গ্রহণ করা যাবে না।”

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুর রহিম, মাদরাসা শিক্ষকদের পক্ষে মাওলানা সাইদুল ইসলাম, মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, নিজমেহের পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলী আজগর মিয়াজী, সূচীপাড়া ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হাসান আহমেদ টিপু এবং মেহের ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবু ইউসুফ রুপম।

বক্তারা শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত একাডেমিক কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, নৈতিক শিক্ষার বিকাশ, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার প্রধান, শিক্ষক, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার শেষে অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়ন এবং সরকারের শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।