চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রীতিলতা হল সংসদের আয়োজনে এবং হল প্রশাসনের সহযোগিতায় ‘প্রীতিলতা হল সম্মাননা উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এতে বিদায়ী শিক্ষার্থী, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী এবং খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে আটটায় প্রীতিলতা হলের টেনিস কোর্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মেজবাউল আলম।

চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, বিদায়ী শিক্ষার্থীরা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বাড়াবে বলে তিনি আশা করেন। কর্মজীবন ও উচ্চশিক্ষার নতুন পথচলায় সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার আহ্বান জানান তিনি।

উপাচার্য আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে শিক্ষক-শিক্ষার্থীকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষাবান্ধব, গবেষণাবান্ধব ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন মানসম্মত পাঠদান ও গবেষণার সুযোগ নিশ্চিত করতে কাজ করছে।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, প্রীতিলতা হল দীর্ঘদিন ধরে নেতৃত্ব, মেধা ও সৃজনশীলতায় সমৃদ্ধ শিক্ষার্থী তৈরি করে আসছে। তিনি শিক্ষার্থীদের সত্য, ন্যায়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের মূল শক্তি হবে। কর্মক্ষেত্রে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।

এর আগে রাত আটটায় হলের গেস্টরুমে চাকসুর উদ্যোগে জুলাই স্মৃতি সংরক্ষণে বুকশেলফ ও বই প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। পরে তিনি অতিথিদের নিয়ে হল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী এবং শিক্ষা ও খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। শুভেচ্ছা বক্তব্য দেন চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সুলতানা তমা।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ চাকসুর প্রতিনিধি, হল সংসদের নেতৃবৃন্দ, আবাসিক শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডচেংনু চৌধুরী ও মরিয়ম আক্তার।