জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা।
রোববার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. সোহেল রানাকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের তারিখ—যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। ট্রেজারার হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয় আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ট্রেজারারের দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ