দক্ষিণ চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী।

বাঁশখালী উপজেলার ছনুয়া কাদেরিয়া উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সানজিদার বসতঘর বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পানিতে ভিজে নষ্ট হয়ে যায় তার বইপত্র ও অন্যান্য শিক্ষা উপকরণ।

সানজিদার দুর্দশার সংবাদ সম্প্রতি যমুনা টেলিভিশনে প্রচারিত হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। সংবাদটি দেখে তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন জালাল সিদ্দিকী।

জালাল সিদ্দিকীর পক্ষ থেকে বাঁশখালী উপজেলা ছাত্রদলের নেতারা সানজিদার হাতে নতুন বই, শিক্ষা উপকরণ ও উপহারসামগ্রী তুলে দেন।

এ বিষয়ে জালাল সিদ্দিকী বলেন, “সম্প্রতি দক্ষিণ চট্টগ্রাম, বিশেষ করে বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। একজন শিক্ষার্থী ও ছাত্রনেতা হিসেবে আমি আমার এক শিক্ষার্থী বোনের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছি। আশা করি, এই শিক্ষা উপকরণ তার লেখাপড়া চালিয়ে যেতে কিছুটা হলেও সহায়ক হবে।”