চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামকে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১২(১) ধারা অনুযায়ী ড. মো. শফিকুল ইসলামকে প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সে পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তাঁর মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়-সংক্রান্ত আইন ও বিধি অনুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলরের নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

ড. মো. শফিকুল ইসলাম বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁর এ নিয়োগে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।