চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয় ছাত্রশক্তির এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকার মজুমদারের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি করা হয়েছে আব্দুল্লাহ আল মাহাথিরকে। সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জসিম উদ্দিন ও এস এম ওমর মুসন্না। সহসভাপতি হয়েছেন ওমর হাসনাত সিদ্দিক তন্ময়, স্বাধীন সিদ্দিকী, মো. হিমেল খান এবং মো. সাব্বির আহমেদ।
সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. ইসমাঈল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন জাকির হোসেন ও মো. সাইদুর রহমান সাদিদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন পলাশ মোল্লা, আবু সালেহ ইবরাহীম ও মো. রেজওয়ানুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. উলফাতুল রহমান রাকিবকে। সহসাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফ আলী সামি, মো. রেদওয়ান ও মো. সোহাইদুল সার্দ শাহর।
এ ছাড়া কমিটিতে সাহিত্য ও সংস্কৃতি, ত্রাণ, শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি, সমাজসেবা ও পরিবেশ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া, যোগাযোগ ও আবাসন, স্বাস্থ্য, কর্মসূচি বাস্তবায়ন ও পরিকল্পনা, মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান, দপ্তর, মিডিয়া ও প্রচার, অর্থ, আইন ও মানবাধিকার এবং ক্যারিয়ার ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক সম্পাদক ও সহসম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বশীলদের মনোনয়ন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের এই পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে।
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ