ছাত্ররাজনীতি বিষয়ে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের সাম্প্রতিক বক্তব্যকে রাষ্ট্রের মানবসম্পদ উন্নয়ন ও দীর্ঘমেয়াদি রাষ্ট্র নির্মাণের একটি দূরদর্শী রাজনৈতিক দর্শন হিসেবে অভিহিত করেছেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ রানা।
এক বিবৃতিতে তিনি বলেন, শামীম কামালের বক্তব্য কেবল একটি রাজনৈতিক মতামত নয়; বরং শিক্ষা ব্যবস্থা সংস্কার, দক্ষ মানবসম্পদ গঠন এবং টেকসই রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার একটি সুস্পষ্ট নীতিগত অবস্থানের প্রতিফলন।
নাহিদ রানা বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর অভিজ্ঞতা বিশ্লেষণ করলে দেখা যায়, একটি দক্ষ, শিক্ষিত ও গবেষণামুখী প্রজন্মই টেকসই উন্নয়ন ও কার্যকর রাষ্ট্রব্যবস্থার ভিত্তি।
শিক্ষাপ্রতিষ্ঠানের মূল দায়িত্ব জ্ঞানচর্চা, উদ্ভাবন, নৈতিকতা ও নেতৃত্বের বিকাশ। তবে শিক্ষাঙ্গন দলীয় রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হলে শিক্ষার ধারাবাহিকতা, গবেষণার পরিবেশ এবং শিক্ষার্থীদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান স্পষ্টভাবে জানিয়েছেন যে, রাজনৈতিক সংগঠন সম্প্রসারণের স্বার্থেও তিনি শিক্ষার্থীদের রাজনীতিতে সম্পৃক্ত করতে চান না। বরং একজন শিক্ষার্থীকে আগে নিজেকে দক্ষ ও প্রতিষ্ঠিত নাগরিক হিসেবে গড়ে তুলে পরে নিজস্ব আদর্শ ও ইচ্ছা অনুযায়ী জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত বলে তিনি মনে করেন।
বিবৃতিতে নাহিদ রানা বলেন, জনতার দলের নীতিগত অবস্থান হলো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন পরিবেশ নিশ্চিত করা, যেখানে শিক্ষার্থীরা নির্ভয়ে জ্ঞান অর্জন, গবেষণা, প্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে মনোনিবেশ করতে পারে। কারণ একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার দক্ষ মানবসম্পদ, আর সেই মানবসম্পদ তৈরির প্রধান ক্ষেত্র শিক্ষাপ্রতিষ্ঠান।
তিনি বলেন, জনতার দলে কোনো ছাত্রসংগঠন না রাখার সিদ্ধান্ত প্রচলিত রাজনৈতিক সংস্কৃতি থেকে ভিন্ন হলেও এটি একটি নীতিগত সিদ্ধান্ত। এর মাধ্যমে দলটি রাজনৈতিক প্রভাব বৃদ্ধির পরিবর্তে শিক্ষার্থীদের ভবিষ্যৎ, জাতীয় মেধার বিকাশ এবং রাষ্ট্রের দীর্ঘমেয়াদি কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে।
বিবৃতির শেষাংশে নাহিদ রানা বলেন, প্রকৃত রাষ্ট্রনায়কোচিত দূরদর্শিতা হলো এমন সিদ্ধান্ত গ্রহণ করা, যা তাৎক্ষণিক রাজনৈতিক সুবিধার জন্য নয়; বরং আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের ছাত্ররাজনীতি বিষয়ক অবস্থান সেই রাষ্ট্রকেন্দ্রিক রাজনৈতিক দর্শনেরই প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ