চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া প্রায় ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ভোলা জেলার শশীভূষণ থানার নুরুজ্জামান মাঝির ছেলে মাহে আলম প্রকাশ শাহ আলম প্রকাশ বেলাল (৩০) এবং একই জেলার চরফ্যাশন থানার মৃত সৈয়দ মহাজনের ছেলে মো. মনির হোসেন (২৮)। তারা বর্তমানে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই সন্ধ্যা ৭টার দিকে আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনির বাসিন্দা উর্মিলা আক্তার ঊর্মির বাসায় চুরির ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোর চক্র বাসা থেকে ৩টি নেকলেস, ৩টি চেইন, ১টি ব্রেসলেট, ২টি চুড়ি, ৬ জোড়া কানের দুল ও ৮টি আংটিসহ প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী গত ২৪ জুলাই আকবরশাহ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭ জুলাই পাহাড়তলী থানাধীন নেছারিয়া মাদ্রাসা গলি এলাকায় অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত শাহ আলম প্রকাশ বেলাল ও মনির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা চুরির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ৩টি নেকলেস, ৩টি চেইন, ২টি চুড়ি, ৩ জোড়া কানের দুল এবং ২টি আংটিসহ মোট ১০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ