ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় এক ডুবন্ত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বুধবার (২৯ জুলাই) বিকেলে পুকুরে ডুবে যাওয়া শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়াসীর আরাফাত সাজ্জাদ।
জানা গেছে, বৃষ্টিতে ভেজার পরে সাজ্জাদ ও তার বন্ধু ইউসুফ পুকুরে যায়। সাঁতার কেটে পুকুর পার হওয়ার সময় মাঝপথে সাজ্জাদ ডুবে যায়। তার বন্ধু ইউসুফ অপর পাড়ে গিয়ে সাজ্জাদের ডুবে যাওয়া দেখে। এতে ইউসুফের চিৎকার শুনে ঘটনাস্থলের কয়েকজন মিলে সাজ্জাদকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে সাজ্জাদকে কুষ্টিয়া সদরে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকিয়া বলেন, ওই শিক্ষার্থীকে অচেতন অবস্থায় মেডিকেলে আনা হয়। পরে আমরা পেটে চাপ দিয়ে পানি বের করি। তারপর অক্সিজেন দিলাম। এখন মোটামুটি একটু ভালো আগের চেয়ে। আমরা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে দিছি। ভেতরের ফুসফুসের পানি বের করার ইন্সট্রুমেন্ট তো আমাদের এখানে ওরকম ব্যবস্থা নাই। এখন শ্বাসকষ্ট হচ্ছে দেখে অ্যাম্বুলেন্সে পাঠায়ে দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, আমি সদরে শিক্ষার্থীর সাথে আছি। ডাক্তার পালস ও অক্সিজেন চেক করেছে। এখন মেডিসিন দেওয়া হয়েছে সাথে ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছে। তবে, শিক্ষার্থীদের পুকুরে নামার বিষয় আরও সতর্কতা অবলম্বন করতে হবে।
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ