খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে ক্যাফেটেরিয়া থেকে কেনা সবজির মধ্যে টিকটিকি পাওয়ার দাবি করেন এক শিক্ষার্থী। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগকারী শিক্ষা ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী আসমাউল হুসনা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাফেটেরিয়া থেকে খাবার নিয়ে হলে গিয়ে খাওয়ার সময় পটল, আলু ও ডিমের সবজির মধ্যে একটি টিকটিকি দেখতে পান। তিনি বলেন, ক্যাফেটেরিয়ায় শুধু শিক্ষার্থীরাই নন, শিক্ষক ও বহিরাগতরাও খাবার খান। এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি ফুড পয়জনিংয়ের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। তাই খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে আরও সতর্কতা প্রয়োজন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।
বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহেবী ইকরাম রেদোয়ান বলেন, ক্যাফেটেরিয়ার খাবারে টিকটিকি পাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও অগ্রহণযোগ্য। এটি খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যবিধির ঘাটতির ইঙ্গিত দেয়। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।
একই ডিসিপ্লিনের শিক্ষার্থী তানভির বিন মুহিত বলেন, শিক্ষার্থীদের নিরাপদ খাবার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। যাদের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে, তাদের জবাবদিহির আওতায় এনে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
এ বিষয়ে ক্যাফেটেরিয়ার ম্যানেজার বলেন, তারা সবসময় সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করেন। তাঁর দাবি, রান্নার সময় টিকটিকি পড়ে থাকলে তা গলে যাওয়ার কথা। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে।
ক্যাফেটেরিয়া তদারকি কমিটিকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ