জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী ও প্রত্নতত্ত্ব বিভাগের ৫৪তম আবর্তনের শিক্ষার্থী শারাফাত শারিক জুলাই আন্দোলনকে ‘পরিকল্পিত’ দাবি করেন এবং একই সঙ্গে জুলাইয়ের সময় সংঘটিত সহিংসতা ও প্রাণহানির পেছনে ছাত্রদল ও ছাত্রশিবিরের ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (৫ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শারাফাত শারিক লেখেন, “সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে, শত শত নিরীহ মানুষের লাশের ওপর পাড়া মেরে রাজনীতি করা জুলাই জঙ্গিদের পতন সময়ের ব্যাপার। সত্য প্রকাশিত হবেই ইনশাআল্লাহ। আল্লাহ সত্যবাদীদের সঙ্গে আছেন।”
পোস্টের শেষাংশে তিনি ‘জুলাই মুর্দাবাদ’, ‘মুক্তিযুদ্ধ জিন্দাবাদ’, ‘জয় বাংলা’ এবং ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান উল্লেখ করেন।
ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে শারাফাত শারিক বলেন, “আমি মনে করি জুলাইয়ের ঘটনাটি একটি পরিকল্পিত আন্দোলন ছিল এবং আমি ব্যক্তিগতভাবে জুলাইকে সমর্থন করি না।”
তিনি বলেন, “শেখ হাসিনা সরকারের কিছু কর্মকাণ্ড নিয়ে সমালোচনা রয়েছে। সেটি বাড়াবাড়ি হয়েছে, অতিরিক্ত হয়েছে—এ বিষয়ে সন্দেহ নেই। তবে আমি মনে করি, সাধারণ মানুষের ওপর যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে, এর পেছনে ছাত্রশিবির ও ছাত্রদলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।”
শারাফাত আরও বলেন, “তারা সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করেছে বলে আমি মনে করি। যার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ জনগণ।”
তিনি বলেন, “শেখ হাসিনার সরকার থাকলে সাধারণ মানুষের জন্য আরও ভালো কিছু হতে পারত—এমন মতও রয়েছে। তবে পুরো বিষয়টি অবশ্যই বিতর্কিত। আমি অস্বীকার করছি না যে মানুষের ক্ষতি হয়েছে; বরং আমি মনে করি, এই ক্ষয়ক্ষতির দায়ের অংশীদার রাজনৈতিক স্টেকহোল্ডারদের পাশাপাশি ছাত্রশিবির ও ছাত্রদলেরও রয়েছে।”
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ