দেশের একাধিক পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধারাবাহিক সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ (সাদা দল)।

সাদা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ড. শাহাদাত হোসেন এবং ভারপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আক্তার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষকেরা উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাম্পাসে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা শিক্ষার সামগ্রিক পরিবেশ ও একাডেমিক শৃঙ্খলার জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। এসব সহিংস ঘটনায় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ক্ষতির পাশাপাশি ক্লাস, পরীক্ষা ও স্বাভাবিক একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষক সমাজের মতে, মুক্ত ও নিরাপদ শিক্ষার পরিবেশ বিঘ্নিত হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হয়।

সংঘাতের পর আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও তাঁদের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সাদা দল।

হাসপাতালে ঢুকে চিকিৎসাধীন শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলাকে মানবতা ও সভ্যতার চরম লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সংবাদ বিজ্ঞপ্তিতে সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।

একই সঙ্গে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান শিক্ষকেরা।

বিজ্ঞপ্তিতে আরও জোর দিয়ে বলা হয়, কোনো দলীয় পরিচয় বিবেচনা না করে হাসপাতালে হামলাকারী এবং সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।