জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, প্রীতি ফুটবল টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোহাম্মদ হোসেন (রানা)। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক ঠাকুরবাজার শাখার কর্মকর্তা জাকির হোসেন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল বাসার আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল মজুমদার, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা শাহ ইমরান দিপু, বিএনপি নেতা আব্দুল মালেক, শরিফ হোসেন, শাহাদাত হোসেন এবং জাকির হোসেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ