চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার বিশারা গ্রামে নিজ ঘরে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, কয়েকদিন আগে বিশারা গ্রামের একটি বসতঘরে আগুন দেওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করা হয়।

মামলার পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. আব্দুল কুদ্দুছ সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে মামলার একমাত্র আসামি মো. মনির হোসেন বাবু (৪০)-কে গ্রেফতার করেন। তিনি বিশারা (শামছু মুহুরীর বাড়ি), পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. মমিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৫, জিআর নং-২৪৮ (তারিখ: ৬ আগস্ট ২০২৬) মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৩, ৪৩৬, ৪২৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারের পর শুক্রবার (৭ আগস্ট) যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।