পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এগ্রিকালচার ক্লাবের আয়োজনে কৃষি অনুষদের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বদিউজ্জামান, পিজিএস-এর ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং প্রফেসর মো. হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক জহুরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে। কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত। আধুনিক জ্ঞান, গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে দেশের কৃষিকে আরও এগিয়ে নিতে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয় তোমাদের সেই সুযোগ ও পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।”

সভাপতির বক্তব্যে কৃষি অনুষদের ডিন অধ্যাপক জহুরুল হক নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে বলেন, “শুধু ভালো ফলাফল করলেই হবে না, নিজেদের একজন দক্ষ, সৎ ও দায়িত্বশীল মানুষ হিসেবেও গড়ে তুলতে হবে। কৃষি অনুষদ সবসময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা করবে।”

অনুষ্ঠানে কৃষি অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, এগ্রিকালচার ক্লাবের সদস্য এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।