চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ৩৬তম সিনেট অধিবেশনে সভাপতির বক্তব্যে এ পরিকল্পনার কথা জানান চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবার পরিসর বাড়ানোর পাশাপাশি আধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ ৫০ শয্যাবিশিষ্ট মেডিকেল সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি জানান, এ লক্ষ্যে মেডিকেল সেন্টারের ভৌত অবকাঠামো সম্প্রসারণ, অ্যাম্বুলেন্সের সংখ্যা বৃদ্ধি এবং বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনিশিয়ান, নার্সসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের বৃহৎ পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা ও স্বাস্থ্যসেবার আধুনিকায়নে অর্থায়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুদানের পাশাপাশি বেসরকারি অনুদান সংগ্রহের কৌশলও অনুসরণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে চবি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবার সক্ষমতাও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ