২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। এ বোর্ডে মোট ২ লাখ ৬০ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৬৯৪ জন ছাত্রী এবং ১ লাখ ১৫ হাজার ১৭০ জন ছাত্র।
সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এবার ঢাকা বোর্ড থেকে ৩ লাখ ৬৬ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধন করেছিল। এর মধ্যে ৩ লাখ ৬৪ হাজার ১৮৪ জন পরীক্ষায় অংশ নেয় এবং ২ হাজার ৬০৪ জন অনুপস্থিত ছিল।
পাসের হারে এবারও ছাত্রীদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ঢাকা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৭৪ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৬৮ দশমিক ০৭ শতাংশ।
এ বছর ঢাকা বোর্ডে মোট ১ লাখ ৩ হাজার ৩২০ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। মাদরাসা ও কারিগরি বোর্ডসহ সব শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।
যেভাবে ফল জানা যাবে
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবে। পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও কমন ওয়েবসাইটের মাধ্যমেও ফল জানা যাবে।
ফল জানতে eduboardresult.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল দেখা যাবে।
এ ছাড়া যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
এসএমএসে ফল জানতে লিখতে হবে:
SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬
এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
ফলাফলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।
শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কোনো পত্রিকা কার্যালয়ে সরাসরি গিয়ে ফলাফল সংগ্রহ করা যাবে না।
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ