২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ করেন।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।

যেভাবে ফল জানা যাবে

পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। পাশাপাশি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও কমন ওয়েবসাইটের মাধ্যমেও ফল জানা যাবে।
ফল জানতে eduboardresult.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এ ছাড়া যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
এসএমএসে ফল জানতে লিখতে হবে:
SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৬
এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
উদাহরণ: SSC DHA 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে

ফলাফলে সংক্ষুব্ধ পরীক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। এ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হবে।
উল্লেখ্য, কোনো শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা কার্যালয়ে সরাসরি গিয়ে ফলাফল পাওয়া যাবে না।