‘রেকর্ডিং স্টুডিওটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে একটি বড় ধরনের উদ্যোগ। এর মাধ্যমে এখন থেকে শিক্ষার্থীরা নিজেদের কণ্ঠে গান রেকর্ড করার সুযোগ পাবে, যা তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সোমবার (১০ আগস্ট) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সংগীত বিভাগে রেকর্ডিং স্টুডিও উদ্বোধন করতে এসে এসব কথা বলেন চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান।
তিনি আরও বলেন, ‘আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি দ্বিতীয় রেকর্ডিং স্টুডিও। এমন একটি আধুনিক ফ্যাসিলিটি শিক্ষার্থীদের শুধু গান রেকর্ড করার সুযোগই দেবে না, বরং হাতে-কলমে সংগীতচর্চা, দক্ষতা বিকাশ এবং নিজেদের প্রতিভাকে আরও পরিপূর্ণভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।’
তিনি আরও বলেন, ‘এই ধরনের সুযোগ-সুবিধার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকশিত করে ভবিষ্যতে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক। শিক্ষার্থীদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে তাদের আগামীর পথকে আরও সমৃদ্ধ করার এই প্রয়াস সবসময় অব্যাহত থাকবে।’
উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. আল-আমীন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের পালকে একটি নতুন পালক যুক্ত হলো। এটি শুধু সংগীত বিভাগের শিল্পীদের রেকর্ডিং করবে, বিষয়টি তা নয়; এটি বাংলাদেশের অন্যতম সেরা রেকর্ডিং স্টুডিও হতে পারে। আর সবচেয়ে বড় কথা, রেকর্ডিং করা এবং সুর তোলার মতো যে কণ্ঠ, সেই সব ব্যক্তিরা এখানে রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘সংগীতের স্রষ্টা তথা এই বিভাগের শিক্ষক-শিক্ষিকারা এর মাধ্যমে তাদের সম্ভাব্যতা তুলে ধরতে পারবেন।’
চবির সংগীত বিভাগের চেয়ারম্যান মিশকাতুল মমতাজ বলেন, ‘এই স্টুডিওটি এখন পর্যন্ত বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আয়তনে সবচেয়ে বড় স্টুডিও। বিভাগের শিক্ষার্থীরা যেন স্বাচ্ছন্দ্যে সংগীতচর্চা করতে পারে এবং পেশাদারভাবে রেকর্ড করতে পারে, এটি আমাদের প্রত্যাশা।’
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, সংগীত বিভাগের চেয়ারম্যান মিশকাতুল মমতাজ, বিভাগের শিক্ষক সৌমেনজিৎ চক্রবর্তী, এ কে এম কৌশিক আহমেদ, মুমমুন বিনতে জলিল, মনিকা বিশ্বাস, অনাবিল এহসানসহ বিভাগের শিক্ষার্থীরা।
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ