চাঁদপুরের শাহরাস্তি ওয়াকওয়ে এলাকায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ১০ কিশোরকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে সতর্ক করার পর প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, এসআই (নিঃ) ফরিদ উদ্দিন, এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুস সরকারসহ পুলিশের একটি দল নোয়াগাঁও সাকিনস্থ ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত শাহরাস্তি ওয়াকওয়ে এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ১০ কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। আটক কিশোররা সবাই শাহরাস্তি উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে সন্ধ্যায় শাহরাস্তি ওয়াকওয়ে এলাকায় ঘোরাফেরার কারণ সম্পর্কে আটক কিশোররা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি।
পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়।

অভিভাবকরা ভবিষ্যতে তাদের সন্তানরা সন্ধ্যার পর অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করবে না মর্মে পুলিশকে আশ্বস্ত করেন।

এদিকে, আটক কিশোরদের বিষয়ে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। ফলে তাদের ভবিষ্যৎ ও সংশোধনের বিষয়টি বিবেচনা করে প্রথমবারের মতো অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, কিশোরদের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা এবং সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থানের বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।