উচ্চশিক্ষার আন্তর্জাতিক মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা, এর গুরুত্ব এবং অভিজ্ঞতা বিনিময় নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশেষ মতবিনিময় ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে প্রশাসনিক ভবনের পঞ্চম তলার সম্মেলন কক্ষে ‘Quality Assurance and Accreditation: Knowledge Sharing and Panel Discussion’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শাহ এমরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কার্যক্রম ও ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও তাদের বিভিন্ন একাডেমিক প্রোগ্রামের মান যাচাই করে অ্যাক্রেডিটেশন বা প্রত্যয়ন প্রদান করা কাউন্সিলের অন্যতম প্রধান দায়িত্ব।
পাশাপাশি উচ্চশিক্ষার মানোন্নয়নে সেমিনার, প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের উচ্চশিক্ষাকে বিশ্বব্যাপী পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও বলেন, অ্যাক্রেডিটেশন প্রক্রিয়া বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতার জন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল সবসময় প্রস্তুত। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর কাজ ও সেবা প্রদানের সুবিধার্থে কাউন্সিলের দরজা সবসময় খোলা রয়েছে।
সভাপতির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর বলেন, বাংলাদেশের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে অ্যাক্রেডিটেশনের কোনো বিকল্প নেই।
অ্যাক্রেডিটেশন অর্জন করতে পারলে দেশের শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে যথাযথ মূল্যায়ন পাবে। একই সঙ্গে অ্যাক্রেডিটেশনপ্রাপ্ত বিভাগগুলোর প্রতি বিদেশি শিক্ষার্থীদের আগ্রহও বাড়বে।
তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং বৈশ্বিক র্যাংকিংয়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও অ্যাক্রেডিটেশন গুরুত্বপূর্ণ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
তিনি বাংলাদেশের উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্যানেল আলোচনা পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা নিজ নিজ বিভাগের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং অ্যাক্রেডিটেশন অর্জনের কৌশল নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা যবিপ্রবির শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এ সময় আইকিউএসির অতিরিক্ত পরিচালক (কিউএ) ড. কে. এম. আনিস-উল-হকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ইটিএল) ড. ফারহানা ইয়াসমিন।
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ