চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পড়ুয়া নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশনের ২০২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. শামীম হোসাইন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সাইফ আলী সামি এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মোস্তফা রহমান।
উক্ত নির্বাচন অনুষ্ঠানে এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক (বিসিএস শিক্ষা) মু. শফিকুল ইসলামের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের সেকশন অফিসার মো. দাউদ নবী ও জনসংযোগ দপ্তরের কর্মকর্তা ইমাম ইমু।
নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টাডিজ বিভাগের প্রভাষক মো. নুরনবী, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রভাষক সাইদুর রহমান, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক নাজনীন আক্তার নীলুসহ প্রমুখ।
সুশৃঙ্খল ও সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সবার উপস্থিতিতে নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মো. শামীম হোসাইন বলেন, ‘আমরা সুবর্ণচর উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশনকে শিক্ষার্থীদের সহযোগিতার কেন্দ্র হিসেবে গড়ে তুলব। সুবর্ণচরের শিক্ষার্থীরা কীভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিজেদের স্থান নিশ্চিত করতে পারবে, আমরা সে বিষয়ে কাজ করব। সুবর্ণচর থেকে আগত চবি ক্যাম্পাসের শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা বদ্ধপরিকর আছি এবং ভবিষ্যতেও থাকব। এসোসিয়েশনের সকল সদস্যকে নিয়ে একসঙ্গে কাজ করে যাব। আশা করি, একটা সময় আমাদের কাজ দেখে সবাই সংগঠন নিয়ে গর্ববোধ করবে।’
সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণের পর সাইফ আলী সামি বলেন, ‘অতীতের ধারাবাহিকতা বজায় রেখে সভাপতি ও অন্যান্য সদস্যের সঙ্গে সমন্বয় করে সিনিয়র ও জুনিয়রদের সহযোগিতা নিয়ে এসোসিয়েশনের অগ্রগতির জন্য কাজ করব। সুবর্ণচর থেকে আগত প্রতিটি শিক্ষার্থীর পাশে সুখে-দুঃখে আমরা সবসময় থাকব।’
উল্লেখ্য, সুবর্ণচর উপজেলা স্টুডেন্টস’ এসোসিয়েশন ১৯৯৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সুবর্ণ সূর্য সন্তানদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সুবর্ণচরের শিক্ষার্থীদের কল্যাণে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ