জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘ফ্রেশার মাইন্ড হান্টার্স ২০২৬’ আয়োজন করেছে জাবি সায়েন্স ক্লাব।

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য থ্রিডি চলচ্চিত্র প্রদর্শনী বাস, প্ল্যানেটেরিয়াম ও মহাকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়।

ক্লাবের সভাপতি তারেক আহমেদ বলেন, “প্রতিবছরের মতো এবারও নবীনবরণে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। নবীনদের ক্লাবের সঙ্গে সম্পৃক্ত করতে সেমিনার, রিসার্চ ও আইটি ওয়ার্কশপসহ বিভিন্ন আয়োজন করা হয়। পাশাপাশি গ্রাফিকস ডিজাইন ও প্রেজেন্টেশন তৈরির মতো প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নেও প্রশিক্ষণের ব্যবস্থা থাকে।

তিনি আরও বলেন, “আজকের অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, গবেষণায় আগ্রহ তৈরি এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। নবীনরা ক্লাবে যুক্ত হওয়ার পর নিয়মিত বিভিন্ন কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবে।”

এসময় আইআইটির অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী, পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সিয়াম আহমেদসহ নবীন শিক্ষার্থী ও ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থীদের একটি করে ইনডোর প্লান্ট ও খাবারের ব্যবস্থা করা হয়।