চাঁদপুরের শাহরাস্তিতে পৃথক অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবক এবং দুটি সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় পুলিশের পৃথক টিম অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও এএসআই মো. বাবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় শোরসাক উত্তরপাড়া থেকে কালিবাড়ী পাকা সড়কের পাশে অভিযান চালিয়ে মো. আব্দুল জলিল (২৭) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আব্দুল জলিল শোরসাক উত্তরপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
অপরদিকে, এএসআই মো. হাবিবুর রহমান ও এএসআই আলমগীর কবির সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সিআর-২২২/২৫ (শাহরাস্তি) মামলার দুটি পরোয়ানাভুক্ত আসামি ওমর ফারুককে গ্রেপ্তার করেন। তিনি শাহরাস্তির কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আব্দুল জলিলকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। আর পরোয়ানাভুক্ত আসামি ওমর ফারুককে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ