চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে বসতঘর, গরু ঘর ভাঙচুর করে ক্ষয়ক্ষতি এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোঃ এমরান হোসেন (৩৩) নামে এক ব্যক্তি শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া (মজুমদার বাড়ি) এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে এমরান হোসেন জানান, একই বাড়ির বাসিন্দা নূরে আলম মজুমদার, জামাল হোসেন, খোরশেদ আলম, আনোয়ার হোসেন, দিদার হোসেন, রাহুল মজুমদার, কামরুল ইসলাম রাব্বী ও আমিনুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পত্তির সীমানা ও দখল নিয়ে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিবাদীরা একজন আমিনকে দিয়ে সম্পত্তি পরিমাপ করছিলেন।

এ সময় বিবাদীদের কয়েকজন এমরানের সম্পত্তির পূর্বে স্থাপিত সীমানা পিলার ও বেড়া ভেঙে নতুন করে সীমানা নির্ধারণের চেষ্টা করেন। পরে তার গরুর ঘরের দেয়াল ভাঙচুর করে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা (প্রায়) এবং রান্নাঘর ভাঙচুর করে আরও প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এমরান হোসেন আরও অভিযোগ করেন, ভাঙচুরে বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন। একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে তিনি আত্মরক্ষার্থে ঘরে প্রবেশ করলে তাকে ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ অবস্থায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেয়। তবে পুলিশ চলে যাওয়ার পরও তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় যেকোনো সময় পুনরায় সংঘর্ষ, ভাঙচুরসহ অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে আশঙ্কা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় অভিযোগ করেছেন এমরান হোসেন।

বিবাদীগণের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করা হবে।