চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে শাহরাস্তি পৌরসভার শাহাপুর এলাকার চৌধুরী বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শাহরাস্তি মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—শাহাপুর নোয়াবাড়ী এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাসেল আলম (২০) এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীয়াপাড়া এলাকার বাসিন্দা পারভেজুর রহমান পাটোয়ারী (২৪)।

আটকের পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।