জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক বিধি অনুযায়ী প্রক্টরের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। জরুরি প্রয়োজনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টরের আবাসিক উপস্থিতি গুরুত্বপূর্ণ হলেও বর্তমান প্রক্টর অধ্যাপক ড. মো. জাকির হোসেন ক্যাম্পাসের বাইরে ঢাকায় অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, প্রক্টরের দায়িত্ব পাওয়ার আগের রুটিন অনুযায়ী তিনি ক্যাম্পাসের গাড়িতে করে এসে ক্লাস শেষে আবার ঢাকায় ফিরে যাচ্ছেন। এতে প্রক্টরের দায়িত্ব পালনে তার সার্বক্ষণিক উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বিধি অনুযায়ী, দায়িত্ব পালনের স্বার্থে প্রক্টরকে সার্বক্ষণিক ক্যাম্পাসের সীমানার ভেতরে অবস্থান করতে হয়—যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়। তবে বর্তমান প্রক্টর ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় জরুরি মুহূর্তে তার তাৎক্ষণিক উপস্থিতি ও দায়িত্ব পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

শাখা ছাত্র ইউনিয়নের (একাংশের) সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক বলেন, ‘প্রক্টর হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার ২৪ ঘণ্টাই ক্যাম্পাসের দায়িত্বে থাকার কথা। ক্যাম্পাসের অভিভাবক হিসেবে তার সার্বক্ষণিক উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। তার অধীনে বিভিন্ন দপ্তর, কর্মকর্তা ও কর্মচারী কাজ করেন। এ অবস্থায় তিনি যদি দায়িত্ব নেওয়ার পরও ক্যাম্পাসের বাইরে অবস্থান করেন, তাহলে বিষয়টি অবশ্যই নিন্দনীয়।’

তিনি বলেন, ‘শুরু থেকেই তার এ ধরনের অনুপস্থিতির কিছু বিষয় আমাদের নজরে এসেছে। এমনকি একদিন তাকে ফোনেও পাওয়া যায়নি। ভবিষ্যতে যদি এ ধরনের আরও নজির পাওয়া যায়, তাহলে বিষয়টি অত্যন্ত তীব্র নিন্দনীয় হবে এবং এ জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
আগের প্রক্টরের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, দায়িত্বের প্রতি অবহেলার বিরুদ্ধে। কে প্রক্টর হিসেবে আসছেন বা আগে কে ছিলেন—সেটা আমাদের মূল বিষয় নয়। দায়িত্বে থাকা ব্যক্তি যদি দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারেন বা নিয়মিতভাবে অনুপস্থিত থাকেন, তাহলে আমরা সেটি মেনে নেব না। প্রয়োজন হলে সাংগঠনিকভাবে এবং ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।’

ক্যাম্পাসে অবস্থান না করে ঢাকায় থাকার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেন, ‘ওখানেই থাকতে হবে, এটাই হচ্ছে রিয়েলিটি।’
তিনি আরও বলেন, ‘সাময়িকভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় আমি ঢাকায় অবস্থান করছি। প্রশাসনের অনেকেই ক্যাম্পাসের বাইরে অবস্থান করেন। স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত হলে ক্যাম্পাসে অবস্থান করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়।