মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বলশিদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মাদকের সঙ্গে কোনো আপস করা যাবে না। মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, পুলিশ ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সবাইকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আলোচনা সভা শেষে বলশিদ বাজারে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:২১ অপরাহ্ণ