ধর্ম প্রতিমন্ত্রী ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদ,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।

২৯ আগষ্ট শনিবার দুপুরে জেলা পরিষদের ডাকবাংলো হাটহাজারীতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মাজহারুল মিশাত, সাধারণ সম্পাদক মো. ফিরোজ কবির চৌধুরীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাইবান্ধার শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সংগঠনের কার্যক্রম এবং শিক্ষার্থীদের কল্যাণে পরিচালিত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন নেতৃবৃন্দ।

সাক্ষাতে প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন। তিনি গাইবান্ধার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রেখে শিক্ষার্থীবান্ধব কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের শিক্ষা, দক্ষতা ও নেতৃত্বের বিকাশে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করা প্রয়োজন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাইবান্ধার শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনটি যে কার্যক্রম পরিচালনা করছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, গাইবান্ধা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, কল্যাণ ও বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার লক্ষ্যে সংগঠনটি নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে।