চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট (সিইউএসডি)-এর আয়োজনে ‘১৭তম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ ও চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রশিক্ষণ, আলোচনা ও প্রতিযোগিতামূলক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ আয়োজনের সমাপনী অনুষ্ঠানে নবীন বিতার্কিকদের অংশগ্রহণে জমজমাট প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের নির্বাচিত ও পুরস্কৃত করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল বিতার্কিককে সার্টিফিকেট প্রদান করা হয়।
‘১৭তম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ ও চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রতিযোগিতা তিনটি পৃথক ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়— উপস্থিত বক্তৃতা, ব্রিটিশ পার্লামেন্টারি ডিবেট এবং এশিয়ান পার্লামেন্টারি ডিবেট। নবীন বিতার্কিকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে উৎসবমুখর ও উপভোগ্য।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান । তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ এবং আন্তর্জাতিক অঙ্গনে সফলতার জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক র্যাংকিংয়ে আরও এগিয়ে নিতে গবেষণার ওপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার ব্যবস্থা করা হবে। গবেষণাকে শুধু কাগজ-কলমে সীমাবদ্ধ না রেখে বাস্তবভিত্তিক ও কার্যকর গবেষণার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ এনায়েত উল্লাহ পাটওয়ারী । তিনি তাঁর বক্তব্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা-কারিকুলার কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সিইউএসডি’র মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বিকাশের পাশাপাশি তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ইকবাল শাহীন খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ সালেহ জহুর এবং জীববিজ্ঞান অনুষদের ডিন ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সিইউএসডি’র মডারেটর অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা । তিনি শিক্ষার্থীদের জীবনে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং খালেদ মুহিউদ্দিন আয়োজিত বিতর্ক বুটক্যাম্পে সিইউএসডি’র অংশগ্রহণের প্রশংসা করেন।
গত ২ জুলাই ২০২৬ তারিখে শুরু হওয়া এ কর্মশালায় এক মাসেরও বেশি সময় ধরে নবীন বিতার্কিকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও অনুশীলনমূলক সেশন অনুষ্ঠিত হয়। এসব সেশনের মাধ্যমে অর্জিত জ্ঞান, আত্মবিশ্বাস ও অভিজ্ঞতার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে সমাপনী প্রতিযোগিতায়। পরিশেষে, সকল প্রতিযোগীদের সার্টিফিকেট এবং বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের ফরমাল সেশনে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল আলম । তিনি আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরবর্তীতে সংগঠনের সভাপতি ইকরম হোসেন তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে ‘১৭তম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ ও চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ