চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় জিমনেশিয়ামের সংস্কার ও আধুনিকায়ন, নারী হলগুলোতে জিমনেশিয়াম স্থাপন এবং প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে আবেদন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক।

সম্প্রতি জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর নিজ কার্যালয়ে সাক্ষাৎ করে এসব দাবি জানানো হয়। এ সময় চাকসুর এজিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের বর্তমান সংকট ও শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার বিষয়টি মন্ত্রীর কাছে তুলে ধরেন।

আবেদনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলোতে পৃথক জিমনেশিয়াম স্থাপনের পাশাপাশি কেন্দ্রীয় জিমনেশিয়ামের প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রমের জন্য পর্যাপ্ত আধুনিক সরঞ্জাম সরবরাহের কথাও উল্লেখ করা হয়।

সাক্ষাৎকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলা ও ক্রীড়াক্ষেত্রে অবদানের বিষয়টিও তুলে ধরা হয়। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের সাফল্য এবং বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে তাঁদের অংশগ্রহণের বিষয়টি মন্ত্রীকে অবহিত করা হয়।

চাকসুর এজিএস তৌফিক বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার সুযোগ বাড়ানো জরুরি। এ জন্য কেন্দ্রীয় জিমনেশিয়ামের উন্নয়ন এবং নারী হলগুলোতে জিমনেশিয়াম স্থাপন প্রয়োজন।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম ও খেলাধুলার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। এ জন্য প্রায় ১৫ লাখ টাকার বেশি বাজেটের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।