মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি মডেল থানার উদ্যোগে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উনকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উনকিলা উচ্চ বিদ্যালয়ের সমন্বয়ে উনকিলা রেলওয়ে বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সমাবেশে মাদকের ভয়াবহতা, ব্যক্তি ও সমাজ জীবনে এর ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশ শেষে উনকিলা রেলওয়ে বাজার থেকে উনকিলা উচ্চ বিদ্যালয় পর্যন্ত মাদক নির্মূলে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আয়োজকদের তথ্যমতে, সমাবেশ ও র‍্যালিতে প্রায় ৬০০ থেকে ৭০০ জন অংশ নেন।