১ সেপ্টেম্বর মঙ্গলবার পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় মধ্যম ও ক্ষুদ্র রাষ্ট্রগুলোর ভূমিকা, চ্যালেঞ্জ ও কৌশল নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলের গবেষক, শিক্ষাবিদ, কূটনীতিক ও নীতিনির্ধারকদের অংশগ্রহণে আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে প্রথম RCASBC আন্তর্জাতিক সম্মেলন ২০২৬।
‘Rethinking Rule-Based Global Order: Middle and Small States in a Changing World’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ দুই দিনব্যাপী সম্মেলনের আয়োজন করেছে Hong Kong Research Center for Asian Studies–Bangladesh Center (RCASBC)। এতে সহযোগিতা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। সম্মেলনের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে Chittagong University International Relations Society (CUIRS)।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনকে কেন্দ্র করে দেশ-বিদেশের একাডেমিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশ্বের ২৪টি দেশ থেকে ৪৫৭টি গবেষণা-সারসংক্ষেপ (Abstract) জমা পড়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, জাপান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভিয়েতনামসহ এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের গবেষকেরা রয়েছেন।
জমা পড়া গবেষণা-সারসংক্ষেপে ৮০০-এর বেশি স্বতন্ত্র গবেষক এবং ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও অন্যান্য একাডেমিক ও পেশাজীবী প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করছে।
আয়োজকদের মতে, এই অংশগ্রহণ সম্মেলনের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং গবেষণা-ভিত্তিক আলোচনার প্রতি বৈশ্বিক আগ্রহেরই প্রতিফলন।
গবেষণা-সারসংক্ষেপ মূল্যায়ন শেষে সম্মেলনের ছয়টি বিষয়ভিত্তিক সেশনে প্রায় ২০০টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। এসব সেশনে আন্তর্জাতিক সম্পর্কের সমসাময়িক নানা ইস্যু নিয়ে গবেষণা উপস্থাপন, মতবিনিময় ও নীতিগত আলোচনা অনুষ্ঠিত হবে।
সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক, কূটনীতিক ও নীতিনির্ধারকেরা Keynote Speaker, গবেষণাপত্র উপস্থাপক এবং আলোচক হিসেবে অংশ নেবেন। তাঁদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত ও নবীন গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়, গবেষণা-সহযোগিতা এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন আয়োজকেরা।
আয়োজকদের আরো জানান, বর্তমান বিশ্বব্যবস্থায় ভূরাজনৈতিক প্রতিযোগিতা, ক্ষমতার পুনর্বিন্যাস এবং বহুমাত্রিক বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে মধ্যম ও ক্ষুদ্র রাষ্ট্রগুলোর গুরুত্ব ক্রমেই বাড়ছে। এসব রাষ্ট্র কীভাবে পরিবর্তিত বাস্তবতায় নিজেদের কৌশল নির্ধারণ করছে, জাতীয় স্বার্থ সংরক্ষণ করছে এবং আন্তর্জাতিক ব্যবস্থায় কার্যকর ভূমিকা রাখছে—সম্মেলনের আলোচনা মূলত এসব বিষয়কে কেন্দ্র করেই আবর্তিত হবে।
আয়োজকদের প্রত্যাশা, Keynote Address, গবেষণাপত্র উপস্থাপন, বিষয়ভিত্তিক আলোচনা এবং মুক্ত একাডেমিক মতবিনিময়ের মাধ্যমে সম্মেলনটি আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে নতুন গবেষণা ও নীতিনির্ধারণী আলোচনার ক্ষেত্র তৈরি করবে।
একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা সহযোগিতা জোরদার এবং একাডেমিক যোগাযোগ সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি শিক্ষাবিদ, গবেষক, কূটনীতিক, নীতিনির্ধারক, শিক্ষার্থী ও অতিথিদের স্বাগত জানিয়েছে আয়োজক কমিটি। তারা একটি ফলপ্রসূ ও অর্থবহ আন্তর্জাতিক একাডেমিক সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করেছে।
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ