চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সেলিম (৫৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানস্থলে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহত সেলিম উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক।

সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীরা জানান, মঙ্গলবার বিকেলে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে মিছিল সহকারে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভায় যোগ দেন সেলিম। অনুষ্ঠানের শেষ প্রান্তে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তীব্র হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে তাঁর মৃত্যু হয়েছে। এদিকে প্রবীণ এই বিএনপি নেতা ও ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী, ব্যবসায়ী সমাজ এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।