চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি দোকানে অপরিচ্ছন্ন পরিবেশ এবং খিচুড়ির অতিরিক্ত মূল্য নির্ধারণের অভিযোগে দোকানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পাশে অবস্থিত ‘বি-বাড়িয়া স্পেশাল ফুডস অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের দোকানটি পরিদর্শন করেন চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ। এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে তিনি দোকানটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে দোকানের পরিবেশ অপরিচ্ছন্ন বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। দোকানের ফ্রিজ ও তেলের বক্স অত্যন্ত নোংরা অবস্থায় ছিল। এছাড়া পিয়াজুর মসলা ও সিদ্ধ ডিমের মধ্যে মাছি দেখা যায় বলে জানা গেছে।

দোকানটির পরিবেশ সম্পর্কে চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ বলেন, “দোকানের পরিবেশ খুব নোংরা। এখানে তেলের বক্সসহ ফ্রিজ ইত্যাদির অবস্থাও খুব নোংরা ছিল। আমরা আপাতত দোকানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছি। আগামীকাল প্রক্টর অফিস থেকে দোকানের পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

এদিকে, দোকানটিতে খাবারের মূল্য নির্ধারণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়টি নিয়েও অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রক্টর অফিসের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।